পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতা, ঢাকার প্রবেশপথে তল্লাশি

Share

নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ দলটির সম্ভাব্য যেকোনো তৎপরতা ঠেকাতে দেশজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার। ঢাকা মহানগরের সব প্রবেশপথে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে এবং রাজধানীতে অন্তত ১৮ হাজার পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এবং গোপালগঞ্জ, ফরিদপুর ও নারায়ণগঞ্জ জেলায় স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে গাজীপুর, মাদারীপুর, শেরপুর, মৌলভীবাজার ও কক্সবাজার জেলায় বিজিবি সদস্যরা ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

গতকাল সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের কিছু অপতৎপরতা সরকারের গোচরীভূত হয়েছে। দেশের বিভিন্ন জেলায় মিছিল বা সমাবেশের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। এটি রোধে সব আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, গত ১৫ জুন দেড় বছরের মাঠ দায়িত্ব শেষে সেনাসদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হলেও বর্তমান বিশেষ পরিস্থিতিতে সীমিত আকারে পুনরায় মোতায়েন করা হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, রাজধানীর ২০০টিরও বেশি কৌশলগত স্থানে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে। নিয়মিত বাহিনীর পাশাপাশি ডিবি, সিটিটিসি, স্পেশাল ব্রাঞ্চ ও আইএডি সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় ১৫টি কুইক রেসপন্স টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১২ মে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর সব অঙ্গ সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। চলতি বছরের এপ্রিলে সংসদে ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল’ পাসের মাধ্যমে ওই নিষেধাজ্ঞা বহাল রাখা হয়।