ছবি: সংগৃহীত

চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান — যেসব কর্মসূচিতে অংশগ্রহণ করবেন

Share

 

চীন সফরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সামার দাভোস সম্মেলনসহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

চীনের দালিয়ানে অনুষ্ঠিত সামার দাভোস সম্মেলনে ‘Climate Leadership in a Shifting Global Landscape’ শীর্ষক অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন তিনি। এ ছাড়া ডব্লিউইএফের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন। দালিয়ান পর্বের পর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং সফর করবেন, যেখানে সরকারি সফরের মূল কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আগামী ২৫ জুন বেইজিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘Bangladesh Investment Forum’-এ প্রধান বক্তা হিসেবে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবেন তারেক রহমান। এতে অংশগ্রহণকারী চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়িক নেতারা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ও নীতিগত সুবিধা সম্পর্কে ধারণা নেবেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম বিদেশ সফর ছিল মালয়েশিয়ায়, যেখানে তিনি গত ২১ জুন ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করেন। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।