ছবি: সংগৃহীত

ফরিদপুরে রাতের আঁধারে কেক কেটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ভিডিও ফেসবুকে

Share

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে নিষিদ্ধ ছাত্রলীগের সরকারি রাজেন্দ্র কলেজ শাখা। গতকাল সোমবার রাত ১২টা ১ মিনিটে রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। পরে ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

রাত একটায় জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী নিজের ফেসবুক আইডিতে ৪০ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন। ভিডিওতে দেখা যায়, অংশগ্রহণকারী সবার মুখে কালো মাস্ক। তারা স্লোগান দেন এবং মোমবাতি নিভিয়ে কেক কাটেন। কেক কাটার আগে তামজিদুল বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ রাজেন্দ্র কলেজ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে। আওয়ামী লীগ ছিল, আছে এবং থাকবে।’

তামজিদুল জানান, সেই সময় রাজেন্দ্র কলেজের প্রশাসনিক ভবনের সামনে বড় পর্দায় আর্জেন্টিনা-অস্ট্রিয়া বিশ্বকাপ ম্যাচ দেখানো হচ্ছিল। দর্শকদের মধ্যে থাকা ছাত্রলীগ কর্মীদের নিয়ে রাত ১২টায় শহীদ মিনারের উত্তর পাশে টিচার্স ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তিনি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ভিডিওটি দেখা হয়েছে। তবে এটি খুব চতুরতার সঙ্গে ধারণ করা হওয়ায় স্থানটি নিশ্চিত করা যাচ্ছে না। বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।