‘নকল শব্দের কবর দিয়েছি আগেই, এখন লড়াই ডিজিটাল নকলের বিরুদ্ধে’ — শিক্ষামন্ত্রী

Share

পরীক্ষায় প্রচলিত নকল বন্ধ হলেও ডিজিটাল পদ্ধতিতে নকলের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। আজ মঙ্গলবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ‘”নকল” শব্দটির কবর দিয়ে এসেছি অনেক আগেই। এটা নিয়ে আর কথা বলতে চাই না। কিন্তু এখন নকল হচ্ছে ডিজিটালি। সেটাকে সেভাবেই প্রতিহত করতে হবে।’

উচ্চশিক্ষার বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের দেশে শুধু উচ্চ শিক্ষা আর উচ্চ শিক্ষা, সবাই খালি অনার্স খুলতে চায়। এর কি দরকার?’ পাশাপাশি পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিতে সব বোর্ডের খাতা এলোমেলোভাবে যাচাই করা হবে বলেও জানান তিনি। কেউ অতিরিক্ত বা কম নম্বর দিচ্ছেন কিনা, তা এভাবে পর্যবেক্ষণ করা হবে।