সংসদ অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতির বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার জাতীয় সংসদে উত্তপ্ত আলোচনা হয়েছে। বিরোধীদলীয় নেতার অভিযোগের পরিপ্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়।
পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান অভিযোগ করেন, যে মন্ত্রণালয় নিয়ে আলোচনা চলে, সেই মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধিই প্রায়ই সংসদ কক্ষে থাকেন না। তিনি বলেন, জ্যেষ্ঠ নেতাদের এই অনুপস্থিতি তাঁদের আহত করে। এর আগে গতকাল সোমবারও একই বিষয়ে প্রশ্ন তুলেছিল বিরোধী দল।
স্পিকার চিফ হুইপের উদ্দেশে বলেন, মন্ত্রীরা যেন যথাসময়ে সংসদে আসেন এবং তাঁদের মন্ত্রণালয়-সংক্রান্ত আলোচনা মনোযোগ দিয়ে শোনেন। সংসদ সদস্যদের ছোট ছোট দলে গল্পগুজব না করে নিজ আসনে বসে কার্যক্রমে অংশ নেওয়ারও আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে রাষ্ট্রীয় সফরে চীনে রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ায় তাঁরা অধিবেশনে নেই।
এদিকে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাসের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানতে চান এবং ঋণখেলাপির অভিযোগে চলমান মামলা প্রসঙ্গেও বক্তব্য দেওয়ার দাবি জানান। স্পিকার জানান, মির্জা আব্বাস চিঠিতে জানিয়েছেন তাঁর অবস্থা ক্রমাগত ভালো হচ্ছে। গুজব নিয়ে জাতীয় সংসদে সময় নষ্ট করা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।