সৈয়দ মো. আলমগীর হোসেন। ছবি: সংগৃহীত

ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু: ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

Share

ফরিদপুরের মধুখালীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় ডিবি ফরিদপুর সদর জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয় এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়।

নিহত ছাত্রলীগ কর্মীর নাম মির্জা ইশতিয়াক আহমেদ (২৭)। তিনি মধুখালী পৌরসভার পশ্চিম গোন্দারদিয়া এলাকার বাসিন্দা ও ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী ছিলেন। পরিবারের অভিযোগ, গত শনিবার বিকেলে ডিবি পুলিশ তাঁর মায়ের সামনেই তাঁকে মারধর করে আটক করে। পরদিন রোববার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তবে মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য জানানো হয়নি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম জানান, প্রশাসনিক কারণে ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

গতকাল সোমবার ইশতিয়াকের জানাজার আগে এলাকাবাসী বিক্ষোভ করেন এবং প্রায় ৪০ মিনিট ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। পরে পরিবারের অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয়। জানাজার আগে মধুখালী ঈদগাহ ময়দানে উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদসহ তিন বিএনপি নেতা ঘটনাটিকে ‘হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।