নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট নয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তাঁরা প্রবেশ করতে না পেরে এখন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
আজ বুধবার ভোর চারটার দিকে সাপাহার আদাতলা সীমান্তচৌকি এলাকা দিয়ে এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা এই পুশ ইনের চেষ্টা করেন বলে বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ঠেলে পাঠানোর চেষ্টা করা নয়জনের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও তিনটি শিশু রয়েছে।
সংবাদ পাওয়ার পর আদাতলা সীমান্তচৌকির বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুপ্রবেশের চেষ্টা ঠেকিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নওগাঁ ১৬ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, অবৈধভাবে বাংলাদেশে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
এর আগে গত ৫ ও ৮ জুন একই এলাকার পোরশা ও সাপাহার সীমান্ত দিয়ে ৪০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। সেবারও বিজিবি ও স্থানীয় জনতার সতর্ক অবস্থানের মুখে বিএসএফ তাঁদের ফেরত নিতে বাধ্য হয়।