ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিব। ছবি: সংগৃহীত

ভাইরাল হতে গিয়ে বিপাকে ঢাবি অধ্যাপক, একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতির সিদ্ধান্ত

Share

সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে ভাইরাল হওয়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সোমবার উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিভাগের একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

অধ্যাপক তাশরিক-ই-হাবিব সম্প্রতি ফেসবুকে শাহ আব্দুল করিম, জেমস ও ফজলুর রহমান বাবুসহ বিভিন্ন শিল্পীর জনপ্রিয় গান পরিবেশন করে ব্যাপক আলোচনায় আসেন। গানের ভিডিওগুলো দ্রুত ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের একটি অংশের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়, যা শেষ পর্যন্ত বিভাগীয় পর্যায়ে আলোচনার বিষয় হয়ে ওঠে।

সমালোচনা প্রসঙ্গে অধ্যাপক তাশরিক-ই-হাবিব বলেন, ‘ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশনে প্রশংসা ও সমালোচনা দুটিই থাকে। ট্রলাররাও আমাদের বন্ধু।’ তিনি জানান, গানের রিলগুলো হাজার হাজার ভিউ পাচ্ছে এবং অল্প সময়ে ফেসবুক থেকে একাধিক ক্রিয়েটর ব্যাজও পেয়েছেন তিনি।