ছবি: সংগৃহীত

চীনের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় নৈশভোজে তারেক রহমান, আজ বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগ

Share

চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সামার দাভোস সম্মেলনে যোগ দেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেন। এতে সহধর্মিণী জুবাইদা রহমানকে নিয়ে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

নৈশভোজে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সিওক, মঙ্গোলিয়ার নিয়াম ওসোরিন উচরাল, গিনির আমাদু ওউরি বাহ, মন্টিনিগ্রোর মিলোজকো স্পাজিচ এবং কাজাখস্তানের ওলজাস বেকটেনভ।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে এই নৈশভোজে অংশ নেওয়ার মধ্য দিয়ে উন্মুক্ত আলাপচারিতার পথ উন্মোচিত হয়েছে। তিনি আরও জানান, মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষে সোমবার রাতে দালিয়ানে পৌঁছান তারেক রহমান। বিমানবন্দরে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

আজ বুধবার সকালে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগ দেওয়ার পর দুপুরে বুলেট ট্রেনে বেইজিং রওনা হবেন প্রধানমন্ত্রী। বেইজিংয়েই তাঁর সরকারি সফরের মূল কর্মসূচি অনুষ্ঠিত হবে।