সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ছবিঃ সংগৃহীত

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে কুমিল্লায় মামলা, বাদীর পরিচয় নিয়ে প্রশ্ন

Share

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে। গত ২০ জুন জালাল আহমেদ খোকন তালুকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুন বিভিন্ন ফেসবুক ও ইউটিউব চ্যানেলে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর দাড়ি, টুপি ও পোশাক নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করা হয় এবং তাঁকে ‘গুপ্ত আওয়ামী লীগ নেতা’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়ে পোস্ট দেওয়া হয়।

তবে বাদীর পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। বাদী নিজেকে মহানগর যুবদলের ২৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দাবি করলেও কুমিল্লা মহানগর যুবদল জানিয়েছে, তিনি তাদের কোনো স্তরের সদস্য নন। স্থানীয় বিএনপি নেতারা বলছেন, বাদী আগে যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন।

কুমিল্লা মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি এম এম বিলাল হোসাইন মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে আইনগতভাবে মোকাবিলার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে বাদী খোকন বলেন, কেন্দ্রীয় নয়, তিনি সংসদ সদস্যের ঘোষিত কমিটির সদস্য। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি গ্রহণ করা হয়েছে।