নড়াইলের লোহাগড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া ও কেক কাটার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাতে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রাম থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের বাদশা তালুকদারের ছেলে মো. মজনু তালুকদার (২৭) ও একই গ্রামের মন্টু মোল্যার ছেলে মোতায়ের মোল্যা (১৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে লোহাগড়া রেলস্টেশন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটে। এ অভিযোগের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন তাদেরকে বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সেখানে নিয়ে গিয়েছিল। পরে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ব্যবস্থা নেয়।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. আব্দুর রহমান নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
- সূত্রঃ কালবেলা