দেশে হামের প্রাদুর্ভাবে মৃত্যুর সংখ্যা ৭০০ ছাড়িয়ে গেছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০২। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৬০৯ শিশু এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর।
সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশু ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
আক্রান্তের চিত্রও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৮৬৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৯৭ হাজার ৫২২। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে মোট ১১ হাজার ৫৪৯ জনের শরীরে, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১০৭ জন।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮১ হাজার ২৮৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৭৭ হাজার ৬১৩ জন।