ছবি: সংগৃহীত

ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু: আটকের মুহূর্তের ভিডিও ফেসবুকে, থাপ্পড়ের দৃশ্যও দৃশ্যমান

Share

ফরিদপুরের মধুখালীতে ডিবি পুলিশের হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমেদের (২৭) মৃত্যুর ঘটনায় নতুন বিতর্ক শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকে ফেসবুকে ছড়িয়ে পড়া ২ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিওতে আটকের মুহূর্তে ইশতিয়াককে থাপ্পড় দেওয়ার দৃশ্য দেখা যাচ্ছে।

ভিডিওতে দেখা যায়, গত ২১ জুন বিকেল পাঁচটার দিকে গোন্দারদিয়া এলাকায় মহাসড়কের পাশে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ইশতিয়াককে কয়েকজন ব্যক্তি ঘিরে ধরেন। স্থানীয়রা তাঁদের ডিবি পুলিশের সদস্য বলে দাবি করছেন। ভিডিওর ৩৬ সেকেন্ডে সাদা টি-শার্ট পরা এক ব্যক্তিকে গালি দিয়ে ইশতিয়াককে থাপ্পড় দিতে দেখা যায়। লাল টি-শার্ট পরা অপর ব্যক্তি তখন বলেন, ‘মারিস না।’ পরে একটি সাদা মাইক্রোবাস এসে নারী সদস্যসহ আরও কয়েকজন অভিযানে যোগ দেন।

ইশতিয়াকের মা খাদিজা আক্তার জানান, আটকের পর ডিবি সদস্যরা তাঁকে নিয়ে বাড়িতে তল্লাশি চালান। রাতে এক আত্মীয়ের সঙ্গে কথা বলে ৬৫ হাজার টাকা দিলে ছাড়ার কথা বলা হয়েছিল। পরে জানানো হয়, ছেলে ছাত্রলীগ করে বলে সেদিন ছাড়া হবে না। পরদিন সকালে এক লাখ টাকা নিয়ে ফরিদপুরে যেতে বলা হয়। তিনি বলেন, ‘এক লাখ টাকা নিয়ে ফরিদপুরে গিয়ে জানতে পারি ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে গিয়ে তার লাশ পাই।’

তবে ডিবি পুলিশ নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে। ফরিদপুরের পুলিশ সুপার জানান, মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ইশতিয়াক হেফাজতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ইশতিয়াকের মৃত্যুর পর ডিবির ওসিকে ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। ফরিদপুর জেলা বিএনপির একাধিক নেতা ঘটনাটিকে ‘হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।