মুঠোফোনের প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

জুলাই থেকে মুঠোফোনের দাম বাড়তে পারে ২০-২৫ শতাংশ, সিদ্ধান্তের অপেক্ষায় বাজার

Share

নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে সিদ্ধান্ত নিতে হবে আগামী কয়েক দিনের মধ্যেই। চলতি বছরের জানুয়ারিতে দেওয়া মুঠোফোন আমদানিতে শুল্কছাড়ের মেয়াদ শেষ হচ্ছে ৩০ জুন। নতুন করে কোনো সিদ্ধান্ত না এলে ১ জুলাই থেকে আমদানি করা মুঠোফোনের ওপর মোট করভার বেড়ে ৬৪ দশমিক ২৫ শতাংশে পৌঁছাবে। ফলে ফোনের দাম ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

এ নিয়ে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইওবি) বিটিআরসিকে চিঠি দিয়ে শুল্ক-সুবিধার মেয়াদ বাড়ানোর আবেদন করেছে। সংগঠনের সভাপতি জাকারিয়া শাহিদ বলেন, বৈশ্বিক বাজারে মেমোরি চিপ ও যন্ত্রাংশের দাম বাড়ছে, এর মধ্যে আমদানি কর বাড়লে মুঠোফোনের দাম আরও বাড়বে। অনেক ক্রেতা কম দামে ফোন কিনতে আবার গ্রে মার্কেটের দিকে ঝুঁকতে পারেন।

জানুয়ারিতে সরকার কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছিল, যাতে বৈধ পথে আমদানি করা ফোনের দাম কমে ক্রেতাদের আগ্রহ বাড়ে। তবে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই সুবিধা বহাল রাখার কোনো ঘোষণা নেই। বিটিআরসির চেয়ারম্যান বিষয়টিতে কোনো মন্তব্য করতে রাজি হননি।

তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা ফাহিম মাশরুর বলেন, স্মার্টফোন এখন আর বিলাসপণ্য নয়, এটি শিক্ষা ও ডিজিটাল সেবার প্রধান মাধ্যম। দাম বাড়ার বোঝা শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদেরই বহন করতে হবে। স্মার্টফোনকে ডিজিটাল অবকাঠামোর অংশ হিসেবে বিবেচনা করে করের চাপ কমানো প্রয়োজন বলেও মত দেন তিনি।