গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত

কড়াইল বস্তিসহ ৫৮ স্থানে এক লাখ সাশ্রয়ী ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা: সংসদে গৃহায়ণমন্ত্রী

Share

রাজধানীর কড়াইল বস্তিসহ ৫৮টি এলাকায় নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি-বেসরকারি উদ্যোগে এক লাখ সাশ্রয়ী ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। আজ রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

মন্ত্রী জানান, রাজউক প্রণীত ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) ২০২২-২০৩৫-এ নিম্ন আয়ের মানুষের সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে ৫৮টি স্থান চিহ্নিত করা হয়েছে। সরকারি ও বেসরকারি অংশীদারত্বে এসব এলাকায় এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে।

গাজীপুরের টঙ্গীর দত্তপাড়ায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মালিকানাধীন ৯৮ একর জমিতে পর্যায়ক্রমে সীমিত আয়ের মানুষের জন্য ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উন্নয়ন সহযোগীদের আর্থিক সহায়তায় রাজশাহী, দিনাজপুর, বরিশাল, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন পৌর এলাকার ৩৭টি বস্তিতে উন্নত আবাসন নিশ্চিত করতে একটি প্রকল্প নেওয়ার উদ্যোগ চলছে।

এ ছাড়া রাজশাহীতে ১৬টি ফ্ল্যাট নির্মাণ, খুলনার হরিণটানায় প্রায় আট একর জমিতে আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প এবং চট্টগ্রামের সল্টগোলায় মাসিক ভাড়াভিত্তিক আবাসিক সুবিধা গড়ে তোলার পরিকল্পনাও বিবেচনাধীন রয়েছে বলে সংসদকে জানান মন্ত্রী।