জুনায়েদ ইসলাম ওরফে সিফাত। ছবি: সংগৃহীত

‘ঘরে ঢুকতেই দেখি মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন’ — একা হয়ে যাওয়া কিশোর সিফাত

Share

‘জীবনে একা চলতে শেখা দরকার’ — গত ২৯ মে ফেসবুকে এ কথা লিখেছিল কিশোর জুনায়েদ ইসলাম ওরফে সিফাত (১৬)। এক মাসের ব্যবধানে সেই কথাই নির্মম বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে তার জীবনে। গত বৃহস্পতিবার লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া বাসায় তার মা ও তিন বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সিফাত সেদিন কাজে বের হয়েছিল বলে বেঁচে যায়।

গতকাল শনিবার রাতে সিফাত বলে, ‘আমি দোকান থেকে ছুটে এসে ঘরে ঢুকতেই দেখি মা রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পাশের কক্ষে তিন বোনের রক্তাক্ত দেহ। পুরো ঘর রক্তে ভেসে গিয়েছিল। সেই দৃশ্য আমি কোনোভাবেই ভুলতে পারছি না।’

নিহতরা হলেন সিফাতের মা শাহিনুর বেগম (৪০) এবং তিন বোন সাইমা আক্তার (২১), নাফিসা আক্তার ইকরা (১৭) ও ফাতেমা আক্তার সিপা (১০)। অভিযুক্ত অন্তর মজুমদার পালানোর সময় গণপিটুনির শিকার হয়ে হাসপাতালে মারা যান। সিফাত বলে, ‘অন্তর আমাদের ওপরের তলায় ভাড়া থাকত। কেন সে এটা করল, এখনো বুঝতে পারছি না।’

সিফাতের ছোট বোন সিপাকে সেদিন সকালে ডেকেছিল সে, কিন্তু ঘুমিয়ে থাকায় রেখেই চলে যায়। সিফাত বলে, ‘কে জানত, এটাই ওকে শেষবারের মতো দেখা হবে।’

২০১৯ সালে সিফাতের বাবা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার পর মা শাহিনুরই সংসার চালাতেন। সিফাত সম্প্রতি একটি রড-সিমেন্টের দোকানে চাকরি নিয়েছিল।

গতকাল সিফাতের গ্রামের বাড়িতে গিয়ে তাকে সান্ত্বনা দেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিম ভূঁইয়া। তিনি সিফাতকে কুমিল্লায় নিয়ে এসে লেখাপড়াসহ সার্বিক খরচের দায়িত্ব নিতে চান বলে জানিয়েছেন।