প্রধানমন্ত্রী তারেক রহমান

৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Share

দেশের মাধ্যমিক পর্যায়ের প্রায় ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে সোমবার (২৯ জুন) একযোগে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকাল ১০টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করবেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এ উপলক্ষে দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে। কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ ও একটি ওষধি গাছ রোপণ করা হবে।

মাউশি জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়নাধীন ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট’-এর অংশ হিসেবে জলবায়ু পরিবর্তন বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত করতে প্রতিবছর এই কর্মসূচি আয়োজন করা হয়।

এ বছর দেশের মোট ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসা। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য জলবায়ু সচেতনতা কার্যক্রম পরিচালনায় ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি প্রদর্শনের ব্যবস্থা থাকবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হবে এবং নির্বাচিত অংশগ্রহণকারীরা নিজেদের অনুভূতিও তুলে ধরতে পারবেন।

এ ছাড়া কর্মসূচি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জলবায়ু বিষয়ক ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালির আয়োজন করা হবে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।