সংসদে বক্তব্য রাখছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। ছবি : সংগৃহীত

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর

Share

 

সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কথা বিবেচনায় নিয়ে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা বছরে ৬ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

নুরুল হক বলেন, বর্তমানে প্রস্তাবিত ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। তবে করমুক্ত আয়সীমা বর্তমান ৩ লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬ লাখ টাকা করা প্রয়োজন। তাঁর মতে, মাসে ৫০ হাজার টাকার কম আয় করে বর্তমান সময়ে জীবনযাপন করা কঠিন। পাশাপাশি উপজেলা পর্যায়ে কর আহরণ জোরদারেরও আহ্বান জানান তিনি।

নিজ মন্ত্রণালয়ের বাজেট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ঘোষিত বিদেশে ১ কোটি কর্মসংস্থানের লক্ষ্য বাস্তবায়নে দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। তিনি জানান, মন্ত্রণালয়ের বাজেট কিছুটা কমলেও প্রয়োজন হলে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছেন।

প্রস্তাবিত বাজেটকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনার প্রতিফলন উল্লেখ করে নুরুল হক স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও জ্বালানি নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধির প্রশংসা করেন।

তিনি উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শুধু ঘোষণা নয়, প্রয়োজনীয় জনবল, চিকিৎসক ও যন্ত্রপাতি নিশ্চিত করে পর্যায়ক্রমে এ পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।