বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রানীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচির খাবার আত্মসাতের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রেশমা আক্তারকে তলব করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে অভিযোগটি প্রকাশের পর বিষয়টি আমলে নিয়ে জরুরি ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ২৫ জুন বিদ্যালয় ছুটির পর স্কুল ফিডিং কর্মসূচির জন্য বরাদ্দ ২৪টি ডিম ও ২২ প্যাকেট পাউরুটি তিনি নিজের বাসায় নিয়ে যান। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নজরে আসে।
এ ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অভিযুক্ত শিক্ষিকার কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ দিয়েছেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁকে আগামী তিন কার্যদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে পরিচালিত স্কুল ফিডিং কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।