প্রায় দুই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে। আজ সোমবার থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। প্রথম দিনেই ঢাকার যমুনা ফিউচার পার্কের আইভ্যাকে দীর্ঘ লাইন দেখা গেছে। অনেকে ভোর থেকেই সেখানে অপেক্ষায় ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তার কারণ দেখিয়ে নিয়মিত ভিসা বন্ধ করে দিয়েছিল ভারত। এরপর সীমিত পরিসরে মেডিকেল, বিজনেস ও স্টুডেন্ট ভিসা চালু থাকলেও ট্যুরিস্ট ভিসা পুরোপুরি বন্ধ ছিল। গত বৃহস্পতিবার ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার দিনেই ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন।
প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার আইভ্যাক কেন্দ্রে এই সেবা চালু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য শহরেও চালু করার কথা জানানো হয়েছে।