স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।ফাইল ছবি।

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

Share

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলে সংঘটিত সব ধরনের দুর্নীতির তদন্তের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে এ সময়ের সব অনিয়ম খতিয়ে দেখার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের দেড় বছরের শাসনামলে কোথায়, কীভাবে এবং কারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, তা তদন্তের মাধ্যমে বের করে আনা উচিত। তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ বিষয়ে দুদককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হোক।

সালাহউদ্দিন আহমদ দাবি করেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ–এর এক প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতির চিত্র উঠে এসেছে। যদিও তিনি সংসদে ওই প্রতিবেদনটি সঙ্গে না থাকায় নির্দিষ্ট তথ্য উদ্ধৃত করতে পারেননি।

বক্তব্যে তিনি আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের শাসনামলের অর্থনীতিকে “লুটপাটের অর্থনীতি” (Economics of Plundering) হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, ওই সময়ে ব্যাংক খাত, উন্নয়ন প্রকল্প, কর-সুবিধা ও অর্থ পাচারের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে চলে গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার এমন একটি অর্থনীতির ওপর দাঁড়িয়ে বাজেট প্রণয়ন করেছে, যা দীর্ঘদিনের দুর্নীতি ও অনিয়মে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি, উৎপাদনশীলতা উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তরকে এবারের বাজেটের মূল অগ্রাধিকার দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমানে অপরাধের অভিযোগ দ্রুত নথিভুক্ত করা হচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে জুয়া, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাজেট প্রসঙ্গে মন্ত্রী দাবি করেন, বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম বাজেট ঘোষণার পর বাজারে মূল্যবৃদ্ধির উল্লেখযোগ্য চাপ দেখা যায়নি। তাঁর আশা, সংসদে সর্বসম্মতিক্রমে বাজেট পাস হবে এবং এটি দেশের অর্থনীতি পুনর্গঠন ও জনগণের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।