ইকবাল হাসান মাহমুদ

লোডশেডিংয়ের কারণ জানালেন বিদ্যুৎমন্ত্রী

Share

দেশের দুটি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিড থেকে কমে গেছে। এর ফলে দেশের বিভিন্ন এলাকায়, এমনকি ঢাকাতেও লোডশেডিং দিতে হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

রোববার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রী বলেন, কারিগরি সমস্যার কারণে দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। তবে তিনি বিদ্যুৎকেন্দ্র দুটির নাম উল্লেখ করেননি।

মন্ত্রী জানান, একটি বিদ্যুৎকেন্দ্রের বয়লারের টিউবে লিকেজ দেখা দেওয়ায় নিরাপত্তার স্বার্থে সেখানে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। অন্যদিকে, বঙ্গোপসাগরের উত্তাল আবহাওয়ার কারণে কয়লা খালাস করা সম্ভব না হওয়ায় আরেকটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রেও উৎপাদন বন্ধ রয়েছে।

তিনি পরিস্থিতিকে একটি জাতীয় সংকট হিসেবে উল্লেখ করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। তাঁর আশা, আগামী দুই দিনের মধ্যে সমস্যার সমাধান হলে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হবে এবং লোডশেডিংয়ের মাত্রাও কমে আসবে।

বর্তমানে বিদ্যুতের ঘাটতি সামাল দিতে দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে লোডশেডিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।