দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। চলতি বছরে প্রথমবারের মতো এক দিনে সর্বোচ্চ ৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবার প্রকাশিত তথ্য অনুযায়ী, সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের, একজন ময়মনসিংহ বিভাগের এবং একজন করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। মৃতদের মধ্যে এক কিশোরীসহ তিনজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে। এর মধ্যে শুধু জুন মাসেই প্রাণ হারিয়েছেন ১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৯২৪ জন। তাঁদের মধ্যে ৫ হাজার ৪৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শুধু জুন মাসেই হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭২৭ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক সর্বোচ্চ ৩৭ জন রোগী ভর্তি হয়েছেন বরিশালে। এছাড়া চট্টগ্রামে ২৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭, ঢাকা উত্তরে ১৬, খুলনায় ১৪, রাজশাহীতে ৮ এবং ময়মনসিংহ ও ঢাকা মহানগরের বাইরে ২ জন করে ভর্তি হয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তারের কারণে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। তবে সাম্প্রতিক বছরগুলোতে আবহাওয়ার পরিবর্তন ও দ্রুত নগরায়ণের প্রভাবে সংক্রমণ আগেই শুরু হচ্ছে এবং দীর্ঘ সময় ধরে স্থায়ী হচ্ছে।