ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের হত্যা মামলায় নবী নেওয়াজকে গ্রেপ্তার দেখিয়ে জেলে পাঠানোর নির্দেশ

Share

জুলাই আন্দোলন ঘিরে রাজধানীর আদাবরে পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহেসানুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পর এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা, ডিবির তেজগাঁও বিভাগের পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান কারাগার থেকে নবী নেওয়াজকে আদালতে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. মিজানুর রহমান।

আদালতে নবী নেওয়াজের আইনজীবী সামসুর রহমান বাদল বলেন, রমনা থানার একটি মামলায় তাঁর মক্কেল ইতোমধ্যে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। কিন্তু মুক্তি পাওয়ার আগেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।

গত ১১ এপ্রিল রাজধানী থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ নবী নেওয়াজকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ২২ আগস্ট নিহত পোশাকশ্রমিক রুবেলের বাবা রফিকুল ইসলাম আদাবর থানায় হত্যা মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের শেষ দিনে আদাবরের রিং রোড এলাকায় প্রতিবাদ মিছিলে পুলিশ ও আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গুলিতে রুবেল নিহত হন।