পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও সংসদ সদস্য রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা, ঋণ-প্রতিশ্রুতির তথ্য জানতে চাইলেন রুমিন ফারহানা

Share

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর নিয়ে জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি জানতে চান, সফরে বাংলাদেশ চীনের কাছ থেকে কোনো ঋণের আশ্বাস বা নতুন বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে কি না।

সোমবার (২৯ জুন) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৮তম দিনে অর্থবিলের সংশোধনীর ওপর আলোচনায় অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী সরাসরি উত্তর না দিয়ে অস্বস্তি প্রকাশ করেছিলেন।

তিনি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে বলেন, “আমরা কি কেবলমাত্র চাইতে গেছি ভিক্ষার ঝুলি হাতে?” রুমিনের ভাষ্য, কেউই এমনটি আশা করেন না, তবে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় জনগণের জানার অধিকার রয়েছে—চীন সফর থেকে বাংলাদেশ কী ধরনের অর্থনৈতিক সুবিধা বা প্রতিশ্রুতি পেয়েছে।

তিনি সরকারের প্রতি সফরের ফলাফল, সম্ভাব্য ঋণের পরিমাণ এবং নতুন বিনিয়োগের বিষয়ে স্পষ্ট তথ্য তুলে ধরার আহ্বান জানান।