ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দ পদ্ধতিতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। আগামীকাল বুধবার, ১ জুলাই থেকে এই নতুন ব্যবস্থা কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনকারীরা এখন থেকে আর নিজেদের পছন্দমতো অ্যাপয়েন্টমেন্টের সময় বা টাইম স্লট বেছে নিতে পারবেন না। পরিবর্তে আবেদন জমা দেওয়ার সময় সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে খালি থাকা একটি সময় আবেদনকারীর জন্য বরাদ্দ করবে।
আইভ্যাক জানিয়েছে, ১ জুলাই থেকে বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে সব ধরনের ভিসার ক্ষেত্রেই এই টাইম-স্লটভিত্তিক আবেদন জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হবে। প্রতিটি কেন্দ্রের দৈনিক আবেদন গ্রহণের সক্ষমতার ভিত্তিতে সিস্টেম ক্রমানুসারে আবেদনকারীদের জন্য সময় নির্ধারণ করবে, ফলে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় আবেদনকারীদের আলাদাভাবে আর কোনো সময় নির্বাচন করতে হবে না।
ভিসা আবেদন নির্বিঘ্নে ও সময়মতো জমা দেওয়ার স্বার্থে নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট আইভ্যাক কেন্দ্রে উপস্থিত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।