চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা ঋণখেলাপির দায়ে উচ্চ আদালত বাতিল করার পর বিষয়টি নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. নাজিবুর রহমান। আজ মঙ্গলবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, ঋণখেলাপির দায়ে একজনের মনোনয়ন বাতিল হওয়ার পর এখন কি বলা যাবে যে উনি ঋণখেলাপি ছিলেন।
এর আগে গত ১৮ জুন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ‘ঋণখেলাপিদের এই সংসদে’ দাঁড়িয়ে কথা বলার বিষয়টি উল্লেখ করলে সংসদে বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে নাজিবুর রহমান বলেন, কয়েক দিন আগে একজন সংসদ সদস্য স্পিকারের কাছে জানতে চেয়েছিলেন সংসদে কোনো ঋণখেলাপি আছে কি না, তখন স্পিকার বিচারাধীন বিষয়ে মন্তব্য করতে পারেননি বলে জানিয়েছিলেন।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এটি পয়েন্ট অব অর্ডার হয় না, কারণ কোনো সদস্যের সদস্যপদ থাকবে কি না, সেটি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়। নির্বাচন কমিশন আদালতের নির্দেশনায় আদেশ জারি করলে তখন চূড়ান্ত মন্তব্য করা সম্ভব হবে।
এরপর পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আসলাম চৌধুরী সংসদ সদস্য হিসেবে শপথই নেননি, তাই তিনি সংসদ সদস্য নন। তাঁর প্রার্থিতা চ্যালেঞ্জ হয়েছিল এবং উচ্চ আদালত রায় দিয়েছেন, বিষয়টি সেখানেই শেষ। স্বরাষ্ট্রমন্ত্রীর এই ব্যাখ্যা সঠিক বলে মত দেন স্পিকারও।