দেশে তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। নতুন উপজেলা তিনটি হলো চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। একই সঙ্গে চট্টগ্রামে নতুন হালদা থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশ ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
নিকারের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা, কুমিল্লার মুরাদনগর উপজেলাকে ভাগ করে বাঙ্গরা উপজেলা এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে হালদা নামে নতুন থানা গঠন করা হয়েছে।
বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।