তানভীর মুহাম্মদ ত্বকী। ছবি: সংগৃহীত

ত্বকী হত্যা মামলায় ১০৫তম দফায় সময় নিল র‍্যাব, তদন্ত প্রতিবেদন ১২ আগস্ট

Share

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় চেয়েছে তদন্তকারী সংস্থা র‍্যাব। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ১২ আগস্ট প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছেন।

বুধবার (১ জুলাই) নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও তদন্ত কর্মকর্তা দীপক চন্দ্র মজুমদার লিখিতভাবে সময়ের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৩০ কার্যদিবস সময় বাড়িয়ে দেন। এ নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলে ১০৫তম বারের মতো সময় নেওয়া হলো।

মামলার বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ জানান, পলাতক আসামি সালেহ রহমানকে জিজ্ঞাসাবাদের আবেদনও আদালতে ছিল। তবে আসামি গ্রেপ্তার না হওয়ায় আদালত বিষয়টি অপেক্ষমাণ রেখেছেন।

২০১৩ সালের ৬ মার্চ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে র‍্যাব কয়েকজনকে গ্রেপ্তার করে এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ত্বকী হত্যার পেছনে আজমেরী ওসমানের নেতৃত্বের কথা উঠে আসে।

২০১৪ সালের ৫ মার্চ র‍্যাব সংবাদ সম্মেলনে দাবি করেছিল, ওসমান পরিবারের নির্দেশে ত্বকীকে হত্যা করা হয়েছে এবং দ্রুত অভিযোগপত্র দেওয়া হবে। তবে ঘটনার এক যুগ পেরিয়ে গেলেও এখনো মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়নি।