ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জে নিখোঁজের চারদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

Share

 

মুন্সীগঞ্জে নিখোঁজের চারদিন পর নদী থেকে উদ্ধার করা হয়েছে আব্দুল মালেক (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ।

শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের টেংঘুরিয়া পাড়া কবরস্থান সংলগ্ন ইছামতি নদীতে স্থানীয় বাসিন্দারা মরদেহটি ভাসতে দেখে সিরাজদিখান থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা না গেলেও পরবর্তীতে স্বজনদের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়।

নিহত আব্দুল মালেক উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন চর গ্রামের বাসিন্দা এবং মৃত নওয়াব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ জুন বিকাল আনুমানিক ৪টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা চারদিন ধরে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

নিহতের ছেলে হানিফ জানান, তার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চোখেও কম দেখতেন। তিনি বলেন, চারদিন ধরে বাবাকে খোঁজার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেখে ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন তারা। উল্লেখ্য, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়নি।

খবর পেয়ে নারায়ণগঞ্জের বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারে অংশ নেন। ফাঁড়ির ইনচার্জ এ কে এম আমিনুল হক জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং মরদেহ উদ্ধারের পর তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।