দিনাজপুরে কোতোয়ালী থানায় সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা আটক

Share

দিনাজপুর কোতোয়ালী থানায় দায়িত্ব পালনকালে এক সিআইডি পরিদর্শককে গালিগালাজ, থাপ্পড় ও হত্যার হুমকি দেয়ার অভিযোগে জেলা কৃষকদলের সদস্য সচিব মো. মজিবর রহমান মজিবকে (৫৬) আটক করেছে থানা পুলিশ। ঘটনার পর রোববার রাতেই ভুক্তভোগী সিআইডি পরিদর্শক (নিরস্ত্র) বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন, যেখানে আরও দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে একটি হত্যা মামলার নথিপত্র সংগ্রহ ও পূর্ববর্তী তদন্ত কর্মকর্তার সঙ্গে আলোচনার জন্য সিআইডি কর্মকর্তা নওয়াবুর রহমান কোতোয়ালী থানায় যান। রাত পৌনে ১০টার দিকে থানার ওসির কক্ষের সামনে গেলে এক ব্যক্তি তার কাছে ওসির অবস্থান জানতে চান। এ সময় নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে মামলার তদন্তের কাজে থানায় আসার কথা জানালে ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ। প্রতিবাদ করলে সঙ্গে থাকা আরও দুই ব্যক্তির উসকানিতে অভিযুক্ত মজিবর রহমান তার ডান গালে সজোরে থাপ্পড় মারেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

এজাহারে আরও বলা হয়, ঘটনার সময় ডিউটি অফিসারের কক্ষে থাকা এসআই মো. মানিক রানা, এসআই মো. মমিনুর রহমান ও কনস্টেবল মো. রফিকুল ইসলামসহ অন্য পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তারা নওয়াবুর রহমানের পরিচয় জানানোর পর অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে তাকে ও তার পরিবারকে উদ্দেশ্য করে অশ্লীল ও মানহানিকর মন্তব্য এবং হত্যার হুমকি দেন বলে অভিযোগ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযুক্ত মজিবর রহমানকে থানা হেফাজতে রাখার নির্দেশ দেন। জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় প্রকাশ করলেও সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি কৌশলে ঘটনাস্থল থেকে সরে পড়েন বলে এজাহারে উল্লেখ রয়েছে।

সিআইডি কর্মকর্তা নওয়াবুর রহমান জানান, ঘটনার পর তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন এবং চিকিৎসা গ্রহণ ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে মামলা দায়েরে কিছুটা বিলম্ব হয়। মামলার সঙ্গে চিকিৎসাপত্রের মূল কপি ও ঘটনার ভিডিও ফুটেজসংবলিত একটি পেনড্রাইভ সংযুক্ত করা হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, থানায় দায়িত্ব পালনকালে সিআইডির এক পুলিশ পরিদর্শকের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যার প্রেক্ষিতে তিনি বাদী হয়ে মামলা দায়ের করেন এবং অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে।