ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি মুরগির খামারের বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মারামারির এক মামলায় জামায়াতে ইসলামীর তিন নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। কারাগারে পাঠানো নেতারা হলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক এবং কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ।
রোববার ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলার ধার্য তারিখে হাজিরা দিতে গেলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান। তিনি জানান, হাজিরা দিতে আসা তিনজন জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার কাহালগাঁও এলাকায় একটি কোম্পানির লেয়ার মুরগির খামারের বিষ্ঠাসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে এ মামলা করা হয়। মামলায় ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলনের ভাইসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
জানা যায়, চলতি বছরের ৭ এপ্রিল রাতে কাহালগাঁও বাজারের পাশের ওই খামারের মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হাতবোমা বিস্ফোরণ, একটি ব্যাংকের তালা ভেঙে টাকা লুট এবং প্রাইভেট কার, মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগও রয়েছে। এ ঘটনার পরদিন ৮ এপ্রিল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৪৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও প্রায় ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।