গাইবান্ধায় তীব্র তাপদাহে ৩টি তালগাছে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

Share

গাইবান্ধার সুন্দরগঞ্জে তীব্র তাপদাহের মধ্যে তিনটি তালগাছে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সোমবার দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের খুজিয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জানা যায়, প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ তিনটি তালগাছে আগুন জ্বলে ওঠে এবং মুহূর্তের মধ্যে আগুনের শিখা গাছগুলোর ওপরের অংশে ছড়িয়ে পড়লে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পীরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, যার ফলে আশপাশের গাছপালা ও ঘরবাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দূর হয়।

পীরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আল আমিন জানান, খবর পেয়ে তিনি ও তার ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তীব্র তাপদাহের কারণে তালগাছগুলোর শুকনো অংশে আগুনের সূত্রপাত হতে পারে, তবে সঠিক কারণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।