সমাজের আবর্জনা পরিষ্কারের ডাক শফিকুর রহমানের, সাঘাটায় জনসমাবেশ

Share

ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মহান আল্লাহ যাদের সম্মান দিয়ে ক্ষমতায় বসান, সময়ের ব্যবধানে তাদের ক্ষমতা থেকে সরিয়েও দিতে পারেন, তাই ক্ষমতাসীনদের জনগণের অধিকার ও মর্যাদার প্রতি সম্মান দেখাতে হবে।

সোমবার গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবিতে এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

তিনি বলেন, বৃহত্তর রংপুরবাসীকে বঞ্চিত করার অধিকার কারও নেই এবং যারা তাদের বঞ্চিত করবে তারা গণদুশমন হিসেবে বিবেচিত হবে। সমাজ থেকে চাঁদাবাজি ও দখলদারিতে জড়িত ব্যক্তিদের ‘আবর্জনা’ আখ্যা দিয়ে তিনি বলেন, ২৪-এর বিপ্লব হয়েছে সমাজ থেকে এসব ময়লা-আবর্জনা পরিষ্কার করার জন্য এবং তা পরিষ্কার করতে হবে। তিনি আরও বলেন, দেশের মানুষ বৈষম্য, চাঁদাবাজি, দখলদারি ও সন্ত্রাসমুক্ত একটি সমাজ চায়, তাই জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তারা শহীদ সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেন। পাশাপাশি সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতেরও আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর ও গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিমসহ অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল মানুষ উপস্থিত ছিলেন।