কুমিল্লার দেবিদ্বারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করানো সেই যুবলীগ নেতা সাদ্দাম মুন্সীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুর পৌনে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
সাদ্দাম মুন্সী উপজেলার বড়শালঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী এবং ছোটশালঘর এলাকার হুমায়ুন কবিরের ছেলে। জানা যায়, গত ৬ আগস্ট সকালে দেবিদ্বার উপজেলার ছোট শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করান তিনি। মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়, এরপরই তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান।
সোমবার গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার সাব-ইন্সপেক্টর পাভেল মল্লিকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। থানা সূত্রে জানা যায়, নাশকতার মামলা ছাড়াও চারটি মামলার চার্জশিটভুক্ত আসামি সাদ্দাম মুন্সী।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ইউসুফপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মিছিলে সাদ্দাম মুন্সীর অংশগ্রহণের প্রমাণ পাওয়া গেছে। কোমলমতি শিশুদের দিয়ে রাজনৈতিক দলের মিছিল করানোর পর এলাকা থেকে পালিয়ে যাওয়া এই যুবলীগ নেতা সোমবার বাড়িতে ফেরার গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে জানান তিনি।