বাড়িঘর পোড়ানোর নির্দেশ: হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে উপস্থাপন

Share

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশনা সংক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে দাখিল করেছে প্রসিকিউশন।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের সামনে অডিও ফোনালাপ দুটি উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। পরে তিনি ফোনালাপের একটি অনুলিপি সাংবাদিকদের সরবরাহ করেন।

দাখিলকৃত নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে এসব ফোনালাপ হয় শেখ হাসিনার। ১৯ জুলাই দুপুরে হাছান মাহমুদের সঙ্গে কথোপকথনে পাল্টা অগ্নিসংযোগের ইঙ্গিত দিয়ে কথা বলতে শোনা যায় হাসিনাকে—আন্দোলনকারীরা আগুন দিলে পাল্টা তাদের বাড়িঘরেও আগুন দেওয়ার কথা বলেন তিনি।

এই বক্তব্যকে ‘টিট ফর ট্যাট’ বলে সমর্থন জানান হাছান মাহমুদ এবং জানান, গায়েবানা জানাজা শেষে তারা দ্রুত নিজ নিজ মহল্লায় ফিরে যাবেন। জবাবে হাসিনা এলাকাভিত্তিক প্রতিরোধের কথা বলেন এবং প্রতিটি সংসদ সদস্যকে নিজ নিজ এলাকায় সুরক্ষা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বলে ফোনালাপে উঠে আসে।

পরে একই কথোপকথনে যুক্ত হন ওবায়দুল কাদের। তার সঙ্গে আলাপে সেতু ভবনে অগ্নিসংযোগের প্রসঙ্গ তুলে সেখানে র‍্যাব পাঠানোর নির্দেশ দেন হাসিনা এবং আন্দোলনকারীদের ব্যবসাপ্রতিষ্ঠান চিহ্নিত করার নির্দেশনাও দেন বলে নথিতে উল্লেখ রয়েছে।