ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত

Share

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাত ৮টায় তারুণ্য একাডেমির আয়োজনে ঠাকুরগাঁও প্রেসক্লাবে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তারুণ্য একাডেমির সভাপতি প্রীতি গাঙ্গুলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম (শরিফ), ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মো. লুৎফর রহমান মিঠু, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আলমগীর হোসেনসহ অনেকে।

আলোচনা সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনাদর্শ, সাহিত্য ও সংগীত সাধনা, মানবতাবোধ এবং দেশপ্রেমের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। তারা বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালির চেতনা, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক মূল্যবোধকে সমৃদ্ধ করেছে। নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ ও সাহিত্যচর্চা পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা। এতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা, ছড়া, সংগীত ও নৃত্য পরিবেশন করেন জেলা শিশু একাডেমির শিল্পীরা। তাদের পরিবেশনায় অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।