ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত

Share
রাজধানীতে ‎জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার খেজুর বাগান সংলগ্ন সড়কে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে এক স্কুল শিক্ষিকা প্রাণ হারিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহত রনজিনা পারভীন (৫৫) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
তিনি ফার্মগেইটে ইসলামিয়া চক্ষু হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে শনিবার (২৯ আগস্ট) ভোরে ঢাকায় এসেছিলেন বলে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম।
গাবতলীতে বাস থেকে নেমে রিকশায় করে ফার্মগেইটে ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে সকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে খেজুর বাগান সংগলগ্ন সড়কে ‘ছিনতাইকারীর খপ্পরে’ পড়েন তারা।
ওসি বলেন, ‘একটি বাইকে দুইজন এসে চলন্ত অবস্থায় ওই শিক্ষিকার ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে পরে তার মাথা মাথা ফেটে যায়। তখনই উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, তারা বাইক ও জড়িতদের শনাক্তে কাজ করছেন।
তথ্যসূত্র: স্টার নিউজ