পল্লবী বিহারি ক্যাম্পে জামায়াত ও বিএনপিপন্থিদের মধ্যে সংঘর্ষ

Share
ঢাকার পল্লবী বিহারি ক্যাম্পে মৃতদেহের গোসলখানা নির্মাণকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপিপন্থি দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (২৯ আগস্ট) বিকাল ৪টার দিকে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের ১২ নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির। তিনি বলেন, ‘ক্যাম্পে একটি মৃতদেহের গোসলখানা তৈরি করা হচ্ছিল। সেখানে পানির পাম্প বসানো নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।’
জানা গেছে, সেকশন-১১ তালাব ক্যাম্পে মৃতদেহের গোসলখানা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এক পক্ষের নেতৃত্বে ছিলেন সুমন ও জামায়াত কর্মী মানিক। তাদের সঙ্গে ছিলেন প্রায় ৫০ থেকে ৬০ জন। অপর পক্ষের নেতৃত্বে ছিলেন বিএনপিপন্থী ছাত্রদলের আহ্বায়ক সোহেল ও বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কু। এ পক্ষের সঙ্গে ছিলেন প্রায় ২০০ থেকে ২৫০ জন।
এ সময় উভয় পক্ষের মধ্যে ফাঁকা গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
তথ্যসূত্র: স্টার নিউজ