ঠাকুরগাঁও প্রতিনিধি: মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চট্টগ্রামের মা ও শিশু ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঠাকুরগাঁওয়ের নার্গিস। অর্থের অভাবে তার চিকিৎসা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। জীবন বাঁচাতে দ্রুত অপারেশনসহ পরবর্তী চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় আড়াই লাখ টাকা।
নার্গিসের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায়। তবে দীর্ঘদিন ধরে তিনি স্বামী ও পরিবারের সঙ্গে চট্টগ্রামে বসবাস করছেন। চট্টগ্রামের একটি গার্মেন্টসে চাকরি করে সংসারে সহযোগিতা করতেন নার্গিস। বর্তমানে তিনি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
নার্গিসের স্বামী ওহিদুল আলম একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সম্প্রতি তাকে হঠাৎ চাকরি থেকে ছাঁটাই করা হয়। ফলে সংসারে নেমে এসেছে চরম আর্থিক সংকট। একদিকে স্ত্রীর চিকিৎসার ব্যয়, অন্যদিকে আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন তিনি।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নার্গিসের অপারেশনের জন্য প্রয়োজন প্রায় দেড় লাখ টাকা। অপারেশনের পর তাকে রেডিওথেরাপি দিতে আরও প্রায় এক লাখ টাকা প্রয়োজন হবে। কিন্তু এই বিপুল অর্থ জোগাড় করা তাদের পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।
পরিবারের সদস্যরা জানান, সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষগুলো যদি নার্গিসের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে তার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে। সময়মতো চিকিৎসা পেলে নার্গিস সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন—এমন আশায় সহযোগিতার আবেদন জানিয়েছেন তারা।
নার্গিসের চিকিৎসায় সহযোগিতা করতে চাইলে সরাসরি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে সহায়তা করা যেতে পারে।
বিকাশ (ব্যক্তিগত): ০১৮৭৭-৭০৯৪৮০