পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, একাত্তরে যারা রাজাকার ছিল, নব্বইয়ে যারা স্বৈরাচার ছিল এবং চব্বিশে যারা বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি করে মুনাফেকি করেছে, স্বার্থের প্রয়োজনে তারা এক হতে পারে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজনে প্রতিবাদ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ফরহাদ হোসেন আজাদ বলেন, স্থানীয় নির্বাচন আসছে। অনেকে হয়তো বিভিন্নভাবে ভোটে জয়যুক্ত হওয়ার জন্য ফ্যাসিস্টের সঙ্গে আঁতাত করতে চেষ্টা করছেন। ওই ফ্যাসিস্টরা যেন আমাদের ভোটে অন্তর্ভুক্ত হতে না পারে, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি দলের কার্যক্রমকে, সরকারের কার্যক্রমকে মাঠে-ঘাটে, হাটে-বাজারে প্রচার করতে পারি, আমার বিশ্বাস ওই গুপ্ত-সুপ্তরা ঐক্য হয়েও আমাদের কোনো কিছুই করতে পারবে না।
তিনি আরও বলেন, আমরা কয়েকদিন আগে এক দলের নেতার বক্তব্যে একটি জিনিস পরিষ্কার হয়েছি যে, কারা এ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়।
প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন, জুলাই অভ্যুত্থান প্রত্যেকটা আন্দোলনেই কিন্তু জিয়া পরিবার, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের অবদান অনস্বীকার্য।
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা অধিকাংশ নেতাকর্মীরা মামলা খেয়েছেন, জেলে গেছেন। এখন যদিও অনেক জায়গায় হাইব্রিডরা চলে আসার চেষ্টা করছে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা স্পষ্ট, যারা বিগত দিনে আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিং, আন্দোলন সংগ্রামে জেল-জুলুমের শিকার হয়েছেন, আমরা তাদেরকে সামনে রেখে দলের কাজ করব।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: কালবেলা