চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে গ্রেপ্তার করতে গিয়ে পরিবারের সদস্যদের হামলায় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় ওই আওয়ামী লীগ নেতাকে মব সৃষ্টি করে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে হ্যান্ডকাফ পরা অবস্থাতেই তিনি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে। আবু ছিদ্দিক মেম্বার চণ্ডীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মামলায় আবু ছিদ্দিককে গ্রেপ্তারের জন্য বুধবার রাতে চণ্ডীপুর এলাকায় অভিযান চালায় দর্শনা থানার একটি দল। অভিযানের একপর্যায়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং হ্যান্ডকাফ পরায়। পরে পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন বলে পুলিশের অভিযোগ।
পুলিশের দাবি, এ সময় হামলায় দুই সদস্য আহত হন। একপর্যায়ে হ্যান্ডকাফ পরা অবস্থায় আবু ছিদ্দিক সেখান থেকে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল্লাহ বলেন, আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে আটক করার সময় তার পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) মো. মোখলেসুর রহমান বলেন, পুলিশের একটি দল আবু ছিদ্দিককে আটক করতে গেলে সেখানে মব সৃষ্টি করে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। পলাতক আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
সূত্র: ঢাকা পোস্ট