ছাত্রদল নেতার শরীরে ফুটন্ত পানি ঢেলে পালালেন আ. লীগ কর্মী

Share

চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতা হাসানুজ্জামানের শরীরে ফুটন্ত গরম পানি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদল নেতা হাসানুজ্জামানসহ সিরাজুল ইসলাম (৪২) ও হাসান (৩২) নামের তিনজন দগ্ধ হয়েছেন।

আহতরা চুয়াডঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।শনিবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের পুকুরপাড়া মোড়ে জামালের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

দগ্ধ ছাত্রদল নেতা হাসানুজ্জামান শঙ্করচন্দ্র গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এবং অভিযুক্ত সুলতান ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আত্তাব হোসেনের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন হাসানুজ্জামান অভিযোগ করে বলেন, গতকাল শনিবার রাতে পুকুরপাড়ার একটি চায়ের দোকানে বসে থাকার সময় আওয়ামী লীগ কর্মী সুলতান বিএনপি ও স্থানীয় দলীয় নেতৃত্ব এবং মসজিদে নামাজ পড়া নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

এর প্রতিবাদ জানালে রাজনৈতিক আক্রোশ থেকে সুলতান দোকানের কেটলিতে থাকা ফুটন্ত গরম পানি তার শরীরে ঢেলে দিয়ে পালিয়ে যায়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে গেলে পাশে থাকা সিরাজুল ইসলাম ও হাসানের শরীরও গরম পানিতে দগ্ধ হয়।স্থানীয়দের দাবি, অভিযুক্ত সুলতান শঙ্করচন্দ্র ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আত্তাব হোসেনের ছেলে।

এদিকে জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজার ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্ত সুলতানকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধ তিনজনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ কর হবে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা।

সূত্র: কালের কন্ঠ