ঢাকার আদালত থেকে আবারও হাতকড়া খুলে পালাল হত্যা মামলার আসামি

Share

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার একটি মামলার হাজিরার জন্য শরিফুলকে আদালতে আনা হয়েছিল। তার হাতে হাতকড়া পরানো ছিল। দায়িত্বরত পুলিশ সদস্য কিছুটা অন্যমনস্ক থাকার সুযোগ নিয়ে সে পালিয়েছে। বিচারক এজলাসে থাকা অবস্থাতেই এই ঘটনা ঘটে। এ বিষয়ে মামলা ও তদন্ত হবে। তাকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশের প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টা ২৫ মিনিটে এক কনস্টেবল শরিফুলকে ৭ নম্বর আদালতে হাজির করে কাঠগড়ার শিকের সঙ্গে হাতকড়া দিয়ে আটকে রাখেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে দেখা যায় আসামি সেখানে নেই, কেবল হাতকড়াটি শিকের সঙ্গে ঝুলছে।

এর আগেও ২০২৫ সালের ১৯ জুন আদালত থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে মারধর করে পালিয়েছে শরিফুল। ওই ঘটনার পর একই বছরের ১ অক্টোবর ভোরে ফেনী রেলস্টেশন এলাকা থেকে তাকে আবার গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে সে কারাগারেই ছিল।

পলাতক আসামি শরিফুল দিনাজপুরের নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের মৃত শফিক আহম্মেদের ছেলে। বর্তমানে তার বিরুদ্ধে দায়ের করা জিসান হত্যা মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে।

সূত্র: ডিবিসি