ভোটের মাঠের আবহাওয়া এখন জামায়াতের পক্ষে: মাওলানা আবদুল হালিম

Share

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটের মাঠের আবহাওয়া এখন জামায়াতের পক্ষে চলে এসেছে। এই উপনির্বাচনে ভোটারগণ দাঁড়িপাল্লাকে ভোট দেয়ার নিয়ত করে রেখেছে। নির্বাচনের পরিবেশ যদি ঠিক থাকে, আর ভোটাররা যদি নির্বিঘ্নে ভোট দিতে পারে, তাহলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লায় বিপুল ভোট পেয়ে বিজয়ী হবে বলে আশা করছি।

বুধবার (৭ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ও নির্বাচন পরিচালক মুহাম্মাদ আলমগীরের পরিচালনায় নির্বাচনী দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আবদুল হালিম আরও বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শুধু ঠাকুরগাঁওয়ের মাঝে সীমাবদ্ধ নয়। জামায়াতে ইসলামী কেন্দ্রীয়ভাবে ঠাকুরগাঁয়ের উপনির্বাচনের দিকে প্রতিনিয়ত নজর রাখছে এবং সকল বিষয়ে পর্যবেক্ষণ করছে। জামায়াতের কেন্দ্রীয় নেতারা পর্যায়ক্রমে ঠাকুরগাঁওয়ে আসবেন। ঠাকুরগাঁও-১ আসনের সর্বস্তরের ভোটারদের নিকট দাঁড়িপাল্লার জন্য ভোট চাইতে হবে। তাদের কাছে বারবার যেতে হবে। ভোটারদের বোঝাতে হবে কাদের হাতে দেশ নিরাপদ থাকবে। কারা ক্ষমতায় গেলে ঘুষ-দুর্নীতি হবে না, চাঁদাবাজি, দখলবাজি হবে না।

তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি এবং সরকারের প্রতি অনাস্থা সৃষ্টি হয়েছে। সরকারি দলের লোকদের চাঁদাবাজি ও দখলদারিত্বে দেশের জনগণ অতিষ্ঠ। সরকারি দলের লোকেরা দেশের বিভিন্ন স্থানে মব সৃষ্টি করে দেশে অরাজকতা সৃষ্টি করছে। তার জ্বলন্ত প্রমাণ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য করা।

নির্বাচনের দিন যে কোনো মূল্যে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে উল্লেখ করে মাওলানা আবদুল হালিম আরও বলেন, ভোটররা তাদের মূল্যবান ভোট দিবেন। সেই ভোট যেন কোনো অবস্থাতেই কেউ ছিনতাই করতে না পারে। শুধু তাই নয়, কেন্দ্রের ভিতরে যারা দায়িত্ব পালন করবেন, তাদেরকেও সজাগ থাকতে হবে- কেউ যেন ভোট গণনায় জালিয়াতি করে আামাদের বিজয় ছিনিয়ে নিতে না পারে।

এ সময় ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন, ঠাকুরগাঁও জেলার সাবেক আমীর মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুর জেলা আমীর আনিসুর রহমান, পঞ্চগড় জেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন এবং ঠাকুরগাঁও জেলার সহকারী সেক্রেটারি ও সহকারী নির্বাচন পরিচালক অধ্যক্ষ কফিল উদ্দিন আহমাদসহ তৃণমূলের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

*১১ দলীয় ঐক্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত*

একই দিন বিকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে ১১ দলীয় ঐক্য ঠাকুরগাঁও জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।

তিনি বলেন, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে বিজয়লাভ করতে হলে আমাদের সকলকে সর্বাত্মকভাবে একযোগে মাঠে নেমে কাজ করতে হবে। যার যার জায়গা থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

সভায় উপস্থিত ১১ দলীয় ঐক্যের নেতারা দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সকল প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা দেন।

এ সময় ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল হাকিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্ববায়ক মো: খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম, সদস্য সচিব বদিউজ্জামান (বাঘু), বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা সাইদ আহমেদ সাঈফী, সাধারণ সম্পাদক মাওলানা ঈসমাইল বিন হায়দার, জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা সোলায়মান হোসেন, জেলা প্রেস সেক্রেটারি অধ্যক্ষ শাহ জালাল জুয়েল ও ঠাকুরগাঁও শহর শাখার শিবির সভাপতি মাহমুদুল হাসানসহ নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মাছির উদ্দীন আহমদের কবর জিয়ারত:

মাওলানা আবদুল হালিম আজ ৭ অক্টোবর দুপুরে পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মাছির উদ্দীন আহমদের কবর জিয়ারত করেছেন। এ সময় পঞ্চগড় জেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন, জেলা নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দিন ও জেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন এবং মরহুমের বড় ছেলে ও জেলা কর্মপরিষদ সদস্য শাহীদ আল ইসলামসহ পঞ্চগড় জেলা ও শহর জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, মাওলানা মাছির উদ্দীন আহমদ গত ২৬ সেপ্টেম্বর ইন্তিকাল করেন।