তুরস্কের পার্লামেন্টের স্পিকার অধ্যাপক ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন তুরস্ক পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপিসহ অন্যরা।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ-তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতে ইসলামীর ভূমিকা এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে তুরস্কের পার্লামেন্ট স্পিকার নুমান কুরতুলমুশ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন যাত্রার জন্য অভিনন্দন জানান এবং গণতান্ত্রিক উত্তরণে জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শফিকুর রহমান বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে জামায়াতের ভূমিকা সম্পর্কে তুর্কি স্পিকারকে অবহিত করেন। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরেন তিনি এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য তুরস্কের অব্যাহত সহযোগিতা ও মানবিক ভূমিকার জন্য তুর্কি সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তুরস্কের প্রেসিডেন্টের উদ্দেশে লেখা একটি চিঠি স্পিকারের কাছে হস্তান্তর করেন শফিকুর রহমান।
বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান শফিকুর রহমান। উভয়পক্ষ অর্থনৈতিক, সংসদীয়, শিক্ষাগত, প্রযুক্তিগত, শিল্প-সাহিত্য ও মানবিক খাতে পিপল টু পিপল সম্পর্ক আরও জোরদার হওয়ার আশাবাদ ব্যক্ত করেন এবং পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যাশা জানান।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিরোধীদলীয় নেতার সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান ও চিকিৎসক ডা. এসএম খালিদুজ্জামান।