ডোনাল্ড ট্রাম্প, বেনিয়ামিন নেতানিয়াহু ও মোজতবা খামেনি, রয়টার্স ফাইল ছবি

ট্রাম্পের চাপে ইরান-ইসরায়েল হামলা বন্ধ, তবে যুদ্ধবিরতি ঠুনকো

Share

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অবিলম্বে গোলাগুলি বন্ধ’র আহ্বানের পর ইরান ও ইসরায়েল পরস্পরের ওপর হামলা বন্ধ করেছে। দুই মাসের যুদ্ধবিরতির পর গত রোববার দিবাগত রাতে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হলে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার সকালেও হামলা অব্যাহত থাকার পর অবশেষে উভয় পক্ষ হামলা বন্ধের ঘোষণা দেয়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিভিশনে দেওয়া ভাষণে লড়াই বন্ধের বিষয়টি স্বীকার করেন। তবে ভবিষ্যতে যেকোনো হামলার ‘শক্তি দিয়ে’ জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন। তেহরানও আপাতত হামলা বন্ধের ঘোষণা দিলেও জানিয়ে দিয়েছে, ইসরায়েল আবার হামলা চালালে জবাব দেওয়া হবে।

এপ্রিলের যুদ্ধবিরতির পর ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং পাল্টা ইরানে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা ছিল দুই দেশের মধ্যে সবচেয়ে বড় সরাসরি সংঘাত। এর পাশাপাশি ইয়েমেনের হুতিরা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে।

মূল বিরোধের কেন্দ্রে রয়েছে লেবানন ইস্যু। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি অভিযান বন্ধের শর্তে স্থায়ী যুদ্ধবিরতি চেয়ে আসছিল ইরান, কিন্তু ইসরায়েল তা বারবার প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ স্পষ্ট জানিয়েছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চলবে এবং বৈরুতে হামলার সম্ভাবনাও উড়িয়ে দেননি।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, লেবাননে হামলা বন্ধে নেতানিয়াহুকে তীব্র ভাষায় তিরস্কার করেছেন ট্রাম্প। ট্রাম্পের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, ‘বিবি, সাবধান হওয়া ভালো, অন্যথায় খুব শিগগিরই তুমি একা হয়ে পড়বে।’ তবে নির্বাচনের আগে হিজবুল্লাহর সক্ষমতা ধ্বংসের অভিযান অব্যাহত রাখতে দেশের ভেতরেও চাপে রয়েছেন নেতানিয়াহু।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে দিয়ে বলেছেন, যুদ্ধবিরতির বারবার লঙ্ঘন তেহরান সহ্য করবে না এবং আস্থা তৈরির সদিচ্ছা না দেখা গেলে ইরানের জবাব একই রকম থাকবে।

বিশ্লেষকরা বলছেন, এই সমঝোতা অত্যন্ত ভঙ্গুর। গতকালই উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর নতুন রকেট হামলা এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলের পাল্টা বিমান হামলা সেই আশঙ্কাকেই সত্য প্রমাণ করেছে।

  • দ্য গার্ডিয়ান এএফপি থেকে অনূদিত