যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে মডেলিং জগতের কিছু ব্যক্তির সম্পর্ক নিয়ে নতুন তথ্য উঠে এসেছে। সম্প্রতি প্রকাশিত নথি ঘেঁটে দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, কারাগার থেকে মুক্তির পর এপস্টিন একটি নেটওয়ার্ক গড়ে তোলেন, যেখানে কিছু মডেলিং এজেন্ট তরুণীদের তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দিতেন।
প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্কভিত্তিক মডেল এজেন্ট রামসে এল্কহোলি এপস্টিনকে বহুবার ই–মেইল করে বিভিন্ন মডেলের সঙ্গে সাক্ষাতের প্রস্তাব দেন। এসব ই–মেইলের ভাষা অনেক ক্ষেত্রে অশালীন ও যৌন ইঙ্গিতপূর্ণ ছিল।
এল্কহোলি এক সাক্ষাৎকারে বলেন, ফ্যাশনজগতে নিজের অবস্থান শক্ত করতে এবং মডেলদের কাজের সুযোগ করে দিতে তিনি এপস্টিনের প্রভাব কাজে লাগাতে চেয়েছিলেন। তাঁর দাবি, আর্থিক লাভের আশাতেই এই যোগাযোগ ছিল।
নথিতে আরও দেখা যায়, বিভিন্ন দেশের মডেল ও স্কাউটরা এপস্টিনকে তরুণীদের সম্পর্কে তথ্য দিতেন এবং তাঁদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করার চেষ্টা করতেন। তবে এসব যোগাযোগের প্রকৃত উদ্দেশ্য সব ক্ষেত্রে স্পষ্ট নয়।
এদিকে এল্কহোলি দাবি করেছেন, তিনি কোনো বেআইনি কাজ করেননি এবং অনেক ক্ষেত্রেই ই–মেইলে যা লেখা হয়েছে, তা বাস্তবে ঘটেনি। কিছু ক্ষেত্রে তিনি অতিরঞ্জিত বা মিথ্যা তথ্য দিয়েছেন বলেও স্বীকার করেন।
উল্লেখ্য, জেফরি এপস্টিন দীর্ঘদিন ধরে যৌন পাচার ও নির্যাতনের অভিযোগে আলোচিত ছিলেন। তাঁর বিরুদ্ধে শতাধিক ভুক্তভোগীর অভিযোগ রয়েছে। এই নতুন তথ্য মডেলিং জগতের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আরও প্রশ্ন তৈরি করেছে।