ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ফ্লোরিডার টাম্পায় মার্কিন সেন্ট্রাল কমান্ডের সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রত্যাশিত চুক্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় শর্ত তৈরিতে পেন্টাগন প্রস্তুত রয়েছে।
হেগসেথ বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমরা ইরানে জোরালোভাবে আঘাত হানব এবং আমরা তা করব। কারণ ইরানের সামনে একটি ভালো চুক্তিতে পৌঁছানোর সুযোগ রয়েছে।’ তিনি আরও জানান, চুক্তি করার সুযোগ থাকা সত্ত্বেও বারবার টালবাহানা করা হলে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে একের পর এক বোমা পড়বে।
চলমান হামলা প্রসঙ্গে তিনি বলেন, আজ রাতের হামলাগুলো হবে অত্যন্ত শক্তিশালী ও স্পষ্ট। আগামীকাল রাতেও হামলা হলে সেগুলোও একই মাত্রার হবে। তবে এই পুরো সময় জুড়ে ইরানের সামনে চুক্তি করার সুযোগ খোলা থাকবে।