কেনাকাটার আনন্দ কি আসলে পণ্য পাওয়ার মধ্যে, নাকি পুরো প্রক্রিয়াটার মধ্যে? মনোবিজ্ঞানীরা বলছেন, কেনাকাটার সময় মস্তিষ্কে ডোপামিন হরমোন নির্গত হয়, সেই অনুভূতিই মানুষকে বারবার কেনাকাটার দিকে টানে। আর এই অনুভূতিকে কাজে লাগিয়েই দক্ষিণ কোরিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘ডোপামিন সাইট’—যেখানে একটি টাকাও খরচ না করে পাওয়া যাচ্ছে শপিংয়ের পুরো অভিজ্ঞতা।
এই নকল অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলো আসল ই-কমার্স সাইটের হুবহু নকল। শত শত পণ্য, বিস্তারিত রিভিউ, রেটিং ও অফার সবই আছে এখানে। ব্যবহারকারী পণ্য কার্টে যোগ করতে, ঠিকানা পূরণ করতে এবং ‘অর্ডার’ বাটনে ক্লিক করতে পারেন। অর্ডারের পর ম্যাপে দেখা যায় একজন কুরিয়ার কর্মী রওনা হয়েছেন, রিয়েল-টাইমে তাঁর অবস্থানও ট্র্যাক করা যায়। তবে শেষ পর্যন্ত কোনো পণ্য আসে না, ক্রেডিট কার্ড থেকে কাটে না একটি টাকাও।
তরুণরা বলছেন, সব জেনেও এই নকল অভিজ্ঞতায় উত্তেজনা ও প্রতীক্ষার অনুভূতি একদম আসলের মতোই। উচ্চ জীবনযাত্রার ব্যয় ও বিজ্ঞাপনের প্রলোভনের মুখে এটি তাঁদের কাছে টাকা বাঁচিয়ে মানসিক তৃপ্তি পাওয়ার কৌশল হয়ে উঠেছে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই সাইটগুলো টাকা বাঁচালেও কেনাকাটার আসক্তির আচরণগত ধরনকে আরও উসকে দিতে পারে। আপাতত সাইটগুলো কেবল দক্ষিণ কোরিয়াতেই সীমাবদ্ধ।
সূত্র: ওডিটি সেন্ট্রাল